জাসমিনা খাতুন
ব্রাত্য
পাঞ্জাবিটা শরীর খেলো—সেটা বুঝি শিল্প..!
আর আমার তৃষ্ণাটুকু কেবলই কি পাপ..?
শুভ্রতার আড়ালে এই যে কত কামনার গল্প,
ঠোঁটে রাখলেই কেন বাড়ে সমাজের প্রতাপ..?
তোর ওই সাদা পাঞ্জাবির চেয়েও শুভ্র
আমার চুঁইয়ে-পড়া আদুরে দাহন—
সে কেন তবে হবে শাণিত আর উগ্র?
কেন তাকে দিতে হবে দোষের তকমা আজীবন..?
কাপড়টা যদি শরীরের ভাঁজে চুরি করে নিতে পারে শরীর, তবে কেন আমার ছোট্ট ঠোঁট দুটো
হয়ে যায় ব্রাত্য..?
হৃদয়ের দামে-কেনা অনুরাগে এত কেন আক্রোশ?
আমার হৃদয় আমি দেব, তবে কেন ওরা করে ফোঁসফোঁস?
এই—একটু দাঁড়া, এই বেলা বলে যা—
এটা তোর, আমার, না সমাজের দোষ ও রোষ ..?
রামপুরহাট, বীরভূম, ভারত



























Leave a Reply