জাসমিনা খাতুন ( ভারত )
অনুভূতির নন্দন
এই সেই অনুভূতির নন্দন—সেদিন এখানে তুমি আর আমি ছিলাম পাশাপাশি, পাশে।
আকাশ জুড়ে ছিল পূর্ণ চাঁদ,
হাসছিল তোমার-আমার হাসির সাথে মিশে।
ঝরনারাও গাইছিল ফোয়ারায় হাজারো কথা, হাজারো গান,
ফুটছিল প্রতিটি পদক্ষেপে, কথার কলি , আমাদের হাতে হাত রাখা পথে।
এই সেই অনুভূতির নন্দন—
আজ তুমি হাঁটছো একা, স্মৃতিগুলো হাতে নিয়ে,
আর আমিও আছি পাশে, অনেকটা দূর, অনেকটা দূরে…
তবুও আছি সমান্তরাল হৃদয়ের ভীষণ কাছে।
রামপুরহাট, বীরভূম,ভারত
১৮/১১/২০২৬
অতিথি ভুলে
যদি ধরো, আমি এই মুহূর্তে বাঁচি, এই বর্তমানে বাঁচি…
তাহলে আমি শিয়ালদহ স্টেশন চিনি না, চিনি না তোমার সঙ্গে হাঁটা কয়েকটি পদক্ষেপ।
চিনি না ফুটপাতের ছোট্ট গোপাল, যে আমাকে ডাকছিল; আমি পারতাম সত্যিই অতীতকে নিখোঁজের খাতায় হারিয়ে দিতে!
পারতাম তোমার কথায় বর্তমানে, এই মুহূর্তে উড়ন্ত আহ্লাদে, হালকা শীতে, লঘু-গুরু ভাঁজে আগুন পোহাতে।
পারতাম ওই একটি ভোর মুছে দিতে, ওই একটি ভোর প্রতিদিন আসে ঘুম ভাঙার একটু আগে।
বিষাক্ত ভ্রমরের মতো খেয়ে ফেলে বর্তমান, এলোমেলো হয়ে যায় কবিতার খাতা; এলোমেলো হয়ে যায় দুজনের একসঙ্গে নদী-হওয়া।
ঘনিষ্ঠ অতীত বড়ই বর্তমান। বোলো না, কখনোই বোলো না অতীত ভুলে বর্তমানে বাঁচতে।
আমি অতীতে ভিজে অসুখ বেঁধেছি, বন্য করেছি বরণ। বোলো না, বোলো না , ‘প্রিয়’ একদমই বোলো না অতীত ভুলে বর্তমান বাঁচতে, মিথ্যা আলোয় বর্তমানে হাসতে।
রামপুরহাট, বীরভূম, ভারত
২৪/১১/২০২৬


























Leave a Reply